ডেবরার চাকরি দুর্নীতি! সুজয়ের বাড়িতে সিআইডির ঝটিকা অভিযান!
বার্তা ডেস্কঃ
ডেবরার চাকরি দুর্নীতি মামলায় তদন্তে নতুন মোড় এসেছে। প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সুজয় হাজরা এবং সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, দীর্ঘ জেরায় দুজনের বয়ানে চরম অসঙ্গতি ধরা পড়েছে। এই বৈপরীত্যের সূত্র ধরেই রবিবার দুপুরে ধৃত সুজয়কে সঙ্গে নিয়ে মেদিনীপুরের মির্জাবাজারে তাঁর বাসভবনে হানা দেয় সিআইডির বিশেষ দল। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অভিযানে বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
গত ১২ আগস্ট ডেবরা মামলায় সুজয়কে হেফাজতে নিয়ে ভবানীভবনে দুইজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য, শালবনী জমি কেলেঙ্কারি এবং ডেবরা চাকরি দুর্নীতি—উভয় মামলাতেই সুমিত রায়ের নাম জড়িয়েছে। এর আগে শালবনী পুলিশ সুমিতের সন্ধানে কালীঘাটে তল্লাশি চালিয়েছিল। বর্তমানে আইনি রক্ষাকবচ পেলেও তদন্তের স্বার্থে তাঁকে সিআইডির মুখোমুখি হতে হচ্ছে। এই আকস্মিক তল্লাশি ও নথি বাজেয়াপ্তের ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।