শিবের মাথায় জল ঢেলে ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! মুর্শিদাবাদে বাসের ধাক্কায় মৃত কিশোর, নিখোঁজ আরও এক
বার্তা ডেস্কঃ
শ্রাবণের শেষ সোমবারের পুণ্যলগ্নে মুর্শিদাবাদে নেমে এল গভীর শোকের ছায়া। শিবের মাথায় জল ঢেলে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে রানিনগরের সুখদেববাটি সেতু সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে ১৭ বছরের এক কিশোরের। নিহত ওই পুণ্যার্থীর নাম দীপ মণ্ডল, বাড়ি চর বর্ডারপাড়া এলাকায়। রাস্তা খারাপ থাকা এবং তীব্র ভিড়ের মধ্যে পাশ দিয়ে যাওয়ার সময় বাসটি সজোরে ধাক্কা মারে তাঁকে। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাঁকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিনে বহরমপুর গঙ্গার ঘাটে জল ভরতে গিয়ে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ হয়েছেন রকি মণ্ডল নামে আরও এক কিশোর। সাগরপাড়া থানার খয়েরতলার বাসিন্দা ওই কিশোর পুণ্যার্থীদের সঙ্গে জল আনতে গিয়ে জলে ডুব দেওয়ার পর আর উঠে আসেনি। বহু খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না মেলায় পুলিশ ও ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শিবের পুজোকে কেন্দ্র করে উৎসবের দিনে এমন পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় গোটা জেলাজুড়ে নেমে এসেছে শোকের মাতম।