UGC NET পরীক্ষা বাতিল, নতুন সূচি প্রকাশে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

প্রশ্নপত্রে মারাত্মক ভুল ও চরম গাফিলতির জেরে UGC NET জুন পরীক্ষার ইংরেজি, কমার্স ও সোশ্যিওলজি— এই তিনটি বিষয়ের পরীক্ষা বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষা শেষের পরেই প্রশ্নপত্রের ভুলত্রুটি নিয়ে পরীক্ষার্থীদের ক্ষোভ জমা হতে থাকে, যার পর বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টে দেখা যায়, বিশিষ্ট ব্যক্তিদের বানান, বইয়ের নাম, ব্যাকরণ ও ধারণাগত বিভ্রান্তিসহ প্রচুর প্রশ্নের পুনরাবৃত্তি করা হয়েছে। পরীক্ষার নিরপেক্ষতা বজায় রাখতে কেবল উত্তর বাতিল না করে গোটা পরীক্ষাই পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

NTA জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর প্রথম শিফটে ইংরেজি ও দ্বিতীয় শিফটে কমার্স এবং ১০ সেপ্টেম্বর প্রথম শিফটে সোশ্যিওলজির পুনর্পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত কোনও ফি দিতে হবে না এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। এই সিদ্ধান্তের ফলে বাকি ৮৪টি বিষয়ের ফলপ্রকাশে কোনও বিলম্ব হবে না। অন্যদিকে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে NTA বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন SFI।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *