কলকাতার বুকে ফের বড় চক্রান্ত! তপসিয়া থেকে গ্রেফতার আইএসআই এজেন্টের সহযোগী ইমরান

বার্তা ডেস্কঃ

রাজ্যের এসটিএফ (STF) তল্লাশিতে ফের সামনে এল পাকিস্তানি গুপ্তচর সংস্থার বড়সড় নাশকতার ছক। সম্প্রতি হাবড়া থেকে আইএসআই (ISI) এজেন্ট রানা রউফ গ্রেফতার হওয়ার পর থেকেই শুরু হয় জোরদার তদন্ত। সেই সূত্র ধরেই এবার কলকাতার তপসিয়া এলাকা থেকে রানার অন্যতম প্রধান সহযোগী ইমরানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে, ধৃত রানা পাকিস্তানি নাগরিক এবং দীর্ঘ দিন ধরে ভারতীয় সেনা ও রেল সংক্রান্ত অতি সংবেদনশীল গোপন তথ্য পাচার করে আসছিল। ভুয়া নথিপত্রের সাহায্যে ভারতে প্রবেশ করে সে এ দেশে শিকড় গাড়ার চেষ্টা চালাচ্ছিল।

তদন্তে উঠে এসেছে, এ রাজ্যে ভুয়া নথিপত্রের সাহায্যে বেআইনিভাবে ভারতীয় পাসপোর্ট বানিয়ে দেওয়ার একটি বড় চক্র চালাত এই ইমরান। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে তপসিয়ার একটি ফ্ল্যাট থেকে তাকে পাকড়াও করে এসটিএফ। শুধু তাই নয়, কলকাতাকে কেন্দ্র করে একাধিক জঙ্গি স্লিপার সেল গড়ে তোলার ষড়যুদ্ধেও রানা ও ইমরান একযোগে কাজ করছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। বর্তমানে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সহযোগীদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় জোর তল্লাশি চালাচ্ছেন এসটিএফের আধিকারিকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *