বুথ স্তর থেকে জাতীয় স্তরে, বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বাংলার চিকিৎসক মধুছন্দা কর!

বার্তা ডেস্কঃ

বিজেপির নতুন কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদলের মাঝে জায়গা করে নিয়েছেন বাংলার দুই পরিচিত মুখ—মধুছন্দা কর এবং মনোজ টিগ্গা। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা. মধুছন্দা করকে দলের জাতীয় সহ-সভাপতির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

পেশায় নামজাদা এই অঙ্কোলজিস্ট দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) মাধ্যমে তাঁর রাজনৈতিক সফর শুরু। এরপর পোলিং এজেন্ট ও বুথ স্তরের একাধিক সাংগঠনিক কাজ সামলে ২০২১ সালে তিনি রাজ্য বিজেপির সহ-সভাপতির দায়িত্ব পান। কলকাতা মেডিক্যাল কলেজের এই প্রাক্তনী একদিকে যেমন বিজেপির চিকিৎসক সেল পরিচালনা করছেন, তেমনই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ক্যানসার বিভাগের চিকিৎসায় যুক্ত রয়েছেন।

বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের জাতীয় সহ-সভাপতি হতে পেরে ডা. মধুছন্দা কর জানান, এই সুযোগ তাঁর কাছে অত্যন্ত সম্মানের। দল ও কর্মীদের ভালোবাসায় তিনি নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে চান। তাঁর মতে, নারীদের উপযুক্ত সম্মান দিয়ে বিজেপি প্রমাণ করেছে যে তারা কেবল মুখের কথায় নয়, কাজের মাধ্যমে নারী ক্ষমতায়নে বিশ্বাসী।

গত ৩৩ বছর ধরে ক্যানসার চিকিৎসার সঙ্গে যুক্ত এই বাঙালি চিকিৎসক জানান, সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনার (Time Management) মাধ্যমে তিনি ডাক্তারি ও রাজনীতি দুটোই সমান দক্ষতায় সামলে চলবেন। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবাদপ্রতিম চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের আদর্শকে পাথেয় করেই এই নতুন চ্যালেঞ্জ জয় করতে চান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *