পাকিস্তানের সিম কার্ড ব্যবহার! ভারতে ধরা পড়ল আইএসআইয়ের তিন চর

বার্তা ডেস্কঃ

পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে ভারতীয় সিম কার্ড তুলে দেওয়ার অভিযোগে রাজ্যের তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতরা হলো নুর নাসিরুদ্দিন আলি, রশিদুল হক ও সফিকুল ইসলাম। কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফানগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে পাক চর রানা রউফ খালিদকে জেরা করে ডিলারদের মাধ্যমে সিম পাচারের চাঞ্চল্যকর তথ্য পায় এসটিএফ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সীমান্ত এলাকার বিভিন্ন ডিলারের কাছ থেকে প্রি-অ্যাক্টিভেটেড সিম সংগ্রহ করে সেগুলি পাকিস্তান, নেপাল ও বাংলাদেশে পাচার করা হতো।

তদন্তে উঠে এসেছে, একেকটি সিমের জন্য তিন থেকে চার হাজার টাকা দেওয়া হতো। এই সিমগুলি ব্যবহার করে আইএসআই এজেন্টরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট খুলত এবং হানিট্র্যাপসহ নানা কার্যকলাপে লিপ্ত হতো। গত ১২ বছরে এভাবে কয়েক হাজার সিম পাকিস্তানে পাঠানো হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। বর্তমানে এই চক্রের সঙ্গে জড়িত স্থানীয় ডিলারদের চিহ্নিত করার কাজ শুরু করেছে এসটিএফ। ঘটনার নেপথ্যে থাকা অন্য সহযোগীদের ধরতে চলছে তল্লাশি অভিযান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *