জাদেজার উত্তরসূরি পেয়ে গেল টিম ইন্ডিয়া, শ্রীলঙ্কার কোমর ভেঙে কাকে কৃতিত্ব দিলেন মানব সুথার!
বার্তা ডেস্কঃ
ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ২৮৪ রানে। ফলস্বরূপ, ১৭৮ রানের বড় লিড নিয়ে চালের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। স্পিন সহায়ক উইকেটে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন ভারতীয় স্পিনাররা। এর মধ্যে নজর কেড়েছেন তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার, যিনি ৭৬ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ চারটি উইকেট। তাঁর এমন দাপুটে পারফরম্যান্স দেখে ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে, তবে কি রবীন্দ্র জাদেজার যোগ্য উত্তরসূরি পেয়ে গেল ভারত?
তৃতীয় দিনের খেলার শেষে নিজের সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব জাদেজাকেই দিয়েছেন ২৪ বছর বয়সি এই অলরাউন্ডার। তাঁর মতে, একটানা একই জায়গায় বল করে যাওয়ার ক্ষমতা জাদেজাকে বিশ্বমানের করেছে। অন্যদিকে, এই ম্যাচেই টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেট ও ৪০০০ রানের অবিশ্বাস্য নজির গড়েছেন অভিজ্ঞ জাদেজা। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই অভিজাত ক্লাবে নাম লেখালেন তিনি। তরুণ সুথারের পারফরম্যান্স এবং জাদেজার রেকর্ড গড়ার দিনে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়ের সুবাতাস পাচ্ছে ভারত।