অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন কারা, বড় ঘোষণা সরকারের!
বার্তা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকা করে পৌঁছানো শুরু হয়েছে। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই অর্থ হস্তান্তরের প্রক্রিয়া চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান, মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদনের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলাকে এই সুবিধা দেওয়া হচ্ছে। অনেকের অ্যাকাউন্টে এখনো টাকা না পৌঁছানোয় কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও মন্ত্রী স্পষ্ট করেছেন যে, ধাপে ধাপে যোগ্য সকলের কাছেই এই সরকারি ভাতা পৌঁছে যাবে।
তবে অযোগ্য আবেদনকারীদের আটকাতে এবার কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকা, সরকারি চাকরি কিংবা আয়কর দেওয়ার কারণে প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এছাড়া পারিবারিক আয়, উপার্জনের সীমা এবং অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধার উপর ভিত্তি করে স্পষ্ট শর্ত বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ করে ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা, রূপান্তরকামী এবং বিশেষ চাহিদাসম্পন্ন মহিলারা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তবে যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁরা ভবিষ্যতে পুনরায় আবেদনের সুযোগ পেতে পারেন।