বাড়িতে বসেই আধার পরিষেবা! আবেদন করবেন কীভাবে?
বার্তা ডেস্কঃ
জরুরি সরকারি ও বেসরকারি পরিষেবার সঙ্গে যুক্ত আধার কার্ডে কোনো ভুল থাকলে বা তথ্য আপডেট করতে হলে আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না।ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) এখন বাড়িতে বসেই আধার সংক্রান্ত বিভিন্ন সুবিধা নেওয়ার সুযোগ দিচ্ছে। এর মাধ্যমে নতুন আধার এনরোলমেন্ট, বায়োমেট্রিক তথ্য সংশোধন কিংবা ঠিকানা ও মোবাইল নম্বর আপডেটের মতো প্রয়োজনীয় কাজটি ঘরে বসেই সেরে ফেলা সম্ভব। তবে এই বিশেষ হোম সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য নির্ধারিত ফি-এর পাশাপাশি ৭০০ টাকা অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে।
এই হোম সার্ভিস বুক করার নিয়ম অত্যন্ত সহজ। এর জন্য আবেদনকারীকেUIDAI-এর নির্ধারিত ইমেল ঠিকানায় (help@uidai.gov.in) অথবা আঞ্চলিক দপ্তরে ইমেল পাঠিয়ে আবেদন করতে হবে।ইমেলে কোন ধরনের সেবা প্রয়োজন—যেমন নতুন এনরোলমেন্ট, বায়োমেট্রিক বা ঠিকানা পরিবর্তন—তা স্পষ্টভাবে উল্লেখ করা আবশ্যক।আবেদনের সাথে প্রয়োজনীয় প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট কিংবা মেডিকেল সার্টিফিকেটের মতো বৈধ নথি পাঠাতে হবে।ইমেল প্রাপ্তির পর কর্তৃপক্ষের প্রতিনিধি নির্দিষ্ট সময়ে বাড়িতে উপস্থিত হয়ে আধার আপডেটের কাজ সম্পন্ন করবেন।