দুই সন্তানের বেশি নয়, রাজ্যে কি আসছে কড়া আইন?

বার্তা ডেস্কঃ

রাজ্যে প্রসূতি মৃত্যুর হার কমাতে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বড় সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি স্বাস্থ্য ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে স্বামী-স্ত্রীর সংসারে সর্বোচ্চ দুটি সন্তান নেওয়ার বাধ্যবাধকতা সংক্রান্ত একটি আইন আনার বিষয়ে আলোচনা হয়।

স্বাস্থ্য দফতরের সমীক্ষা অনুযায়ী, রাজ্যে প্রসূতি মৃত্যুর দুটি প্রধান কারণ হল অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গর্ভধারণ এবং অনিয়ন্ত্রিতভাবে একাধিক সন্তানের জন্ম দেওয়া। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে জানান, রাজ্যের কিছু জেলায় ১৩ এমনকি ১৪ নম্বর সন্তানের জন্ম দিতে গিয়ে প্রসূতি মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, যার শিকার মূলত সংখ্যালঘু পরিবারের মহিলারা। এছাড়া দেশে নাবালিকা গর্ভধারণের পরিসংখ্যানে পশ্চিমবঙ্গ শীর্ষে থাকায় তিনি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। মা ও শিশুর সুরক্ষায় দ্বিতীয় সন্তানের জন্মের পরই স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে গর্ভনিরোধক ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য দফতরের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা:

  • নতুন মেডিক্যাল কলেজ: চিকিৎসা শিক্ষার প্রসার ও পরিসেবার মান বাড়াতে কলকাতায় একটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে।
  • অ্যালোপ্যাথি হাসপাতালে আয়ুর্বেদিক পরিষেবা: সাধারণ সরকারি অ্যালোপ্যাথিক হাসপাতালেই এখন থেকে রোগীরা আয়ুর্বেদিক আউটডোর পরিষেবা পাবেন।
  • বেসরকারি হাসপাতালে সংরক্ষিত শয্যা: পিছিয়ে পড়া মানুষের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে বিনামূল্যে শয্যা সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি হাসপাতালে জায়গা না থাকলে সরকারি খরচেই রোগীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *