শিলিগুড়িতে নতুন মাইলফলক, সেবকে তৈরি হচ্ছে ছয় লেনের অত্যাধুনিক করোনেশন সেতু!
বার্তা ডেস্কঃ
দেশের কৌশলগত সুরক্ষায় ‘চিকেনস নেক’ করিডোরের নিরাপত্তা মজবুত করতে বড় পদক্ষেপ নেওয়া হলো। শিলিগুড়ির সেবকে তিস্তা নদীর ওপর নির্মিত করোনেশন সেতুর বিকল্প হিসেবে ছয় লেনের নতুন সেতু নির্মাণের কাজ শুরু হতে চলেছে। এর জন্য জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা ‘ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া’ টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে। প্রায় ৬.৮৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু ও সংযোগকারী রাস্তা তৈরিতে ৮৪৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন এজেন্সি এই টেন্ডারে অংশ নিতে পারবে।
১৯৪১ সালের পুরোনো সেতুটি দুর্বল হওয়ায় এবং ২০১১ সালে ফাটল ধরা দেওয়ায় ভারী যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে চিন, নেপাল ও বাংলাদেশ সীমান্তে সামরিক বাহিনীর যাতায়াত ও রসদ পরিবহনের গুরুত্ব বাড়ায় চার লেনের পরিবর্তে ছয় লেনের সেতু তৈরির সিদ্ধান্ত হয়। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরুর তিন বছরের মধ্যে সেতুটি চালুর পরিকল্পনা রয়েছে, যা উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।