হালিশহরে তৃণমূল কর্মী খুন, সিআইডির তদন্তে কি ধরা পড়বে আসল দোষীরা?

বার্তা ডেস্কঃ

হালিশহরে ‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মী বিরজু কুমারের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার তদন্তভার এবার রাজ্য গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইডি (CID)-র হাতে তুলে দিল রাজ্য সরকার।

ঘটনার সূত্রপাত গত ৬ আগস্ট, যখন কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূল কর্মী বিরজু কুমারকে পুলিশ গ্রেপ্তার করে। ৮ আগস্ট থানার লকআপ থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, পুলিশি অত্যাচারের কারণেই বিরজুর মৃত্যু হয়েছে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছায়। মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় ক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের আশ্বাস দেন। মৃতের স্ত্রীর কাছ থেকে একটি লিখিত চিঠি পাওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, পরিবারটি এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ দেয়নি, তাই তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞ।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে হালিশহর থানার আইসি-কে ক্লোজ এবং তদন্তকারী আধিকারিককে (IO) সাসপেন্ড করা হয়েছে। এছাড়া ডেপুটি ম্যাজিস্ট্রেট বা এসডিও স্তরের তদন্তের পাশাপাশি জেলাশাসককেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। লকআপের ভেতরে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে রাজ্য গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা খুব শীঘ্রই হালিশহর থানায় তদন্তে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *