প্রতি ৬৮ সেকেন্ডে একটি পোস্ট ব্লক, সোশ্যাল মিডিয়ায় চরম কঠোর পদক্ষেপ!

বার্তা ডেস্কঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অবমাননাকর ও বিপজ্জনক পোস্ট, শিশু নিগ্রহের বিষয়বস্তু, ডিপফেক এবং বিভ্রান্তিকর ভুয়ো তথ্য নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্য সরকার এক নজিরবিহীন ও কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের আরটিআই (RTI) অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে স্পষ্ট দেখা গিয়েছে, গত মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত মাত্র পাঁচ মাসে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের মতো জনপ্রিয় মাধ্যমগুলোকে প্রায় ১ লক্ষ ৯৫ হাজার পোস্ট বা কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।গাণিতিক হিসেবে দেখা গেলে, প্রতিদিন গড়ে প্রায় ১,২৭৫টি এবং প্রতি ৬৮ সেকেন্ডের ব্যবধানে অন্তত একটি করে ক্ষতিকর পোস্ট সরাতে বাধ্য করা হচ্ছে নিয়ন্ত্রক সংস্থাগুলিকে।বিগত বছরের তুলনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এই নজরদারি এবং পোস্ট বা অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সরকারি নির্দেশিকায় সবচেয়ে বেশি কোপ পড়েছে মেটা পরিচালিত ইনস্টাগ্রাম ও ফেসবুকের ওপর, যেখানে ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ প্রায় ১ লক্ষ এবং ফেসবুক থেকে প্রায় ৮০ হাজার পোস্ট সরিয়ে ফেলার নির্দেশ কার্যকর হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এই ডিজিটাল কড়াকড়ি জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভুয়ো ছবি ও তথ্য রোধে মেটাকে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’ এবং সরকারি ‘সহযোগ পোর্টাল’-এর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কাজ করার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়ো খবরের পাশাপাশি সংবেদনশীল সামাজিক ইস্যু, রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বিতর্কিত কন্টেন্ট চিহ্নিত করার পর সরকারি পোর্টালের নির্দেশে দ্রুত তা সরিয়ে নেওয়া হচ্ছে। সার্বিকভাবে সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করা এবং বিভ্রান্তি ছড়ানো রুখতে বর্তমানে সরকার ও টেক জায়ান্টগুলোর যৌথ তদারকি আরও জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *