দেশের ৫০% মুখ্যমন্ত্রীর নামে ফৌজদারি মামলা, তালিকায় শীর্ষে কে, বাংলা কোথায়?
বার্তা ডেস্কঃ
দেশের বর্তমান ২৮ জন মুখ্যমন্ত্রীর মধ্যে অর্ধেক, অর্থাৎ ১৪ জনের নামেই ঝুলছে গুরুতর ফৌজদারি মামলা। সুপ্রিম কোর্টে জমা পড়া আদালত-নিযুক্ত আইনজীবী (Amicus Curiae) বিজয় হন্সারিয়ার একটি রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
রিপোর্ট অনুযায়ী, গুরুতর অপরাধের মামলায় তালিকার শীর্ষে রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি, যার বিরুদ্ধে মোট ৮৯টি মামলা বিচারাধীন। দ্বিতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৯টি এবং তৃতীয় স্থানে থাকা কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এই তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও কেরলের ভিডি সতীশন।
এছাড়াও, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের বিরুদ্ধে ৫টি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও হিমাচল প্রদেশের সুখবিন্দর সিংয়ের বিরুদ্ধে ৪টি করে মামলা বিচারাধীন। এই তালিকায় আরও রয়েছেন সি জোসেফ বিজয় (তামিলনাড়ু), সম্রাট চৌধুরী (বিহার), ভগবন্ত মান (পাঞ্জাব), পিএস তামাং (সিকিম), মোহন মাঝি (ওড়িশা) এবং ভজনলাল শর্মা (রাজস্থান)।
প্রতিবেদনে আরও প্রকাশ পায়, বিধায়কদের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা বিচারাধীন থাকার বিচারে দেশের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের ২৯৩ জন বিধায়কের মধ্যে ১৭০ জনই (প্রায় ৫৮ শতাংশ) এমন মামলার মুখোমুখি। এছাড়া লোকসভা ও রাজ্যসভার যথাক্রমে ৩৩ ও ৩১ শতাংশ সাংসদের বিরুদ্ধেও অপরাধমূলক মামলা বিচারাধীন রয়েছে।
তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সব মামলার সিংহভাগই বিরোধী দলে থাকার সময় রাজনৈতিক প্রতিহিংসাবশত দায়ের করা হয়েছিল, যা সামলাতে নেতাদের বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে।