কেরিয়ার-পরিবার সব খুইয়ে রিয়া চক্রবর্তী কি সত্যিই ঘুরে দাঁড়ালেন!

বার্তা ডেস্কঃ

সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পর জীবনটা পুরোপুরি বদলে গিয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে রিয়া জানান, সমাজ একসময় তাঁদের পরিবারকে সম্পূর্ণ বয়কট করেছিল। কাজের সুযোগ হারিয়েছিলেন তিনি নিজে, চাকরি পাননি ভাই শোভিকও। এমনকি ৯৭ শতাংশ নম্বর পেয়ে আইআইএমে সুযোগ পাওয়া সত্ত্বেও তদন্তের কারণে গ্রেফতার হওয়ায় শোভিকের পড়াশোনার এক অমূল্য বছর নষ্ট হয়ে যায়। রিয়ার অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক বাবা একটি নামী হাসপাতালে চাকরি পেলেও পরিচয় প্রকাশ্যে আসায় সেই কাজ ছাড়তে বাধ্য হন। সর্বত্র প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েও ভেঙে পড়েননি তাঁরা।

জেল থেকে বেরোনোর পর সমাজের অলিখিত বয়কটকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়েই নতুন পথ খোঁজা শুরু করেন রিয়া ও তাঁর ভাই। গ্রেফতারির সময় নিজের পরা পোশাকের বার্তা থেকে অনুপ্রাণিত হয়ে দু’জনে মিলে চালু করেন ‘চ্যাপ্টার টু’ নামের একটি পোশাকের ব্র্যান্ড। পাশাপাশি ভাই-বোন যৌথভাবে শুরু করেন নিজেদের পডকাস্টও। সিবিআই তদন্তের দীর্ঘ জটিলতা কাটিয়ে রিয়া এবং তাঁর পরিবার নির্দোষ প্রমাণিত হওয়ার পর, আজ এই নতুন ব্যবসাকে কেন্দ্র করেই রিয়া জীবনকে আবার গোড়া থেকে সাজিয়ে নিচ্ছেন। অতীতকে পেছনে ফেলে আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে দাঁড়ানোর এই যুদ্ধই এখন তাঁদের জীবনের নতুন প্রতীক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *