বোতলে পেট্রোল বিক্রি বন্ধ! অমান্য করলেই কড়া ব্যবস্থা নেবে লালবাজার।
বার্তা ডেস্কঃ
খোলা বাজারে এবং রাস্তার পাশের দোকানে বোতল বা ক্যানে করে পেট্রোল, ডিজেল ও কেরোসিনের মতো দাহ্য পদার্থ বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। অনুমোদনহীনভাবে এসব পেট্রোলিয়ামজাত পণ্য মজুত ও বিক্রির কারণে অগ্নিকাণ্ড এবং জনজীবনের নিরাপত্তা ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার অজয় নন্দ নির্দেশিকাটি জারি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে পরবর্তী ৬০ দিন অথবা নতুন নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। কলকাতার পুলিশ কমিশনার সব পাম্প ও অনুমোদিত বিক্রেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনুমোদিত ডিসপেন্সিং ইউনিটের মাধ্যমে সরাসরি গাড়ির ট্যাঙ্কেই কেবল জ্বালানি দেওয়া যাবে। বিশেষ অনুমতি ছাড়া কোনো বোতল, জার, প্লাস্টিকের ক্যান বা ড্রামে পেট্রোল-ডিজেল দেওয়া যাবে না।
সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে বোতলে করে ঝুঁকিপূর্ণভাবে পেট্রোল-ডিজেল বিক্রির চিত্র সামনে আসার পরেই লালবাজার এই পদক্ষেপ গ্রহণ করে। এক পুলিশ আধিকারিক জানান, নিরাপত্তা বিধি ও লাইসেন্সের শর্ত মেনে জ্বালানি বিক্রি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।