অন্নপূর্ণা যোজনায় বিশাল সুখবর, বাড়ছে বাজেট বরাদ্দ!

বার্তা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনায় সরকারি বাজেট বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, প্রাথমিক বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও, এটি সঠিকভাবে পরিচালনা করতে বছরে প্রায় ৪৮ হাজার কোটি টাকার প্রয়োজন পড়বে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত প্রাপ্ত ১ কোটি ৬৬ লক্ষ আবেদনের যাচাইপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ১০ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া বাকি আবেদনগুলির স্ক্রুটিনি বর্তমানে চলছে। মুখ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ মহিলার আবেদন অনুমোদন পেয়েছে এবং আরও ১৪ লক্ষ আবেদন যাচাইয়ের কাজ চলছে। ফলে যোগ্য উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

গত ১৭ অগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হয়েছে, যা ২০ অগস্ট দুপুরের মধ্যে অনুমোদিত উপভোক্তাদের একাংশের কাছে পৌঁছে যাবে।

যেসব যোগ্য মহিলার নাম তালিকায় বাদ পড়েছে, তাঁদের জন্য ২০ অগস্ট থেকে একটি নতুন পোর্টাল চালু করা হচ্ছে। এই পোর্টালে পুনরায় আবেদন করা যাবে এবং নিয়মানুযায়ী যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের নাম যুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী নিশ্চিত করেন যে কোনো যোগ্য মহিলা যেন এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেজন্য দলীয় মহিলা মোর্চাকে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অর্থনৈতিকভাবে স্বচ্ছল মহিলাদের সুবিধাবঞ্চিতদের সহায়তায় এগিয়ে আসার অনুরোধও জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *