গোয়ালপোখরে জমি দখলের রক্তক্ষয়ী লড়াইয়ে রক্তাক্ত ১১, আতঙ্ক চরমে!

বার্তা ডেস্কঃ

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের গোয়াগাঁও (১) পঞ্চায়েতের মহম্মদপুর গ্রামে জমি নিয়ে বিবাদ ঘিরে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ১ একর ৫ শতক জমির মালিকানা কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ নেয়। অভিযোগ উঠেছে, বিগত তৃণমূল নেতৃত্বের রাজনৈতিক মদত ও মস্তান বাহিনীর হুমকির কারণেই দীর্ঘ আট বছর ধরে চলা এই বিবাদ আজ চরম রূপ নিয়েছে। লাঠি ও ধারালো অস্ত্রের বেপরোয়া ব্যবহারে উভয় পক্ষের পাঁচজন মহিলাসহ কমপক্ষে ১১ জন গুরুতর আহত ও রক্তাক্ত হয়েছেন।

সংঘর্ষের সময় দুই পক্ষই জমির বৈধ কাগজপত্রের দাবি করে একে অপরের ওপর চড়াও হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে গোয়ালপোখর থানার আইসি পিনাকী সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসলামপুর পুলিশ সুপার রাকেশ সিং জানিয়েছেন যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে বিশৃঙ্খলা এড়াতে এলাকা জুড়ে কড়া পুলিশি টহল ও নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *