অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নাম বাদ পড়ার কারণ ও আবেদনের সহজ উপায় জানুন!
বার্তা ডেস্কঃ
১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হলেও, অনেক মহিলারই অ্যাকাউন্টে অর্থ পৌঁছায়নি। বর্তমানে ‘সোশ্যাল রেজিস্ট্রি’ পোর্টাল বন্ধ থাকায় আবেদনকারীরা নিজেদের স্ট্যাটাস পরীক্ষা করতে পারছেন না। তবে নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু জানান, নথিপত্র যাচাইয়ের কাজ চলার কারণে পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী ১৯ অগস্ট পোর্টাল পুনরায় খুলে দেওয়া হবে এবং সেখানেই আবেদনপত্র বাতিলের সুনির্দিষ্ট কারণসহ একটি তালিকা প্রকাশ করা হবে। আয়কর প্রদান, বার্ষিক আয় ১০ হাজার টাকার বেশি হওয়া কিংবা ভেরিফিকেশনের সময়ে আবেদনকারীকে বাড়িতে খুঁজে না পাওয়া ইত্যাদি কারণে আবেদনপত্র বাতিল হয়ে থাকতে পারে।
টাকা না পেয়ে থাকলে আবেদনকারীদের আগামী ২০ অগস্ট পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ ওই তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ অগস্টের পরও টাকা না পৌঁছালে, আবেদনকারীরা আবার ‘সোশ্যাল রেজিস্ট্রি’ পোর্টালে প্রবেশ করে আবেদন করতে পারবেন। পোর্টালে নাম বাতিলের সঠিক কারণ দেখে প্রয়োজনীয় সঠিক তথ্য প্রদান করে ‘ক্লেইম ও অবজেকশন’ জমা দেওয়া সম্ভব। নতুন করে জমা দেওয়া তথ্য পুনঃযাচাই প্রক্রিয়ায় গৃহীত হলে বকেয়া টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। উল্লেখ্য, এটি কেবল নাম বাদ পড়া আবেদনকারীদের পুনরাবেদনের সুযোগ, নতুন কোনও উপভোক্তার আবেদনের জন্য নয়।