ডিজিটাল গ্রেফতারের ভয়, কীভাবে বাঁচাবেন আপনার কষ্টের টাকা!
বার্তা ডেস্কঃ ![]()
ভারতে দিন দিন মারাত্মক আকার ধারণ করছে ‘ডিজিটাল গ্রেফতার’ নামক এক ভয়ংকর সাইবার প্রতারণা। প্রতারকরা নিজেদের পুলিশ, সিবিআই বা অন্যান্য সরকারি সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে কল করে। ভুয়া আইনি নোটিশ, অবৈধ পার্সেল বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ভয় দেখিয়ে ভিডিও কলে ভুক্তভোগীদের দীর্ঘক্ষণ বন্দি করে রাখা হয়। মূলত মানসিকভাবে বিপর্যস্ত করে ‘নিরাপদ অ্যাকাউন্ট’ বা তদন্তের নামে ব্যাংক থেকে টাকা হাতানোই এদের মূল উদ্দেশ্য। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ‘সাইবার কপ’-এর মতো সচেতনতামূলক উদ্যোগগুলো স্পষ্ট জানিয়েছে, ভারতে এমন কোনো আইনি প্রক্রিয়া নেই এবং কোনো সরকারি সংস্থা ভিডিও কলে গ্রেফতার বা টাকা দাবি করে না।
এই ফাঁদ থেকে বাঁচতে হলে যেকোনো সন্দেহজনক কল এলে তৎক্ষণাৎ তা কেটে দেওয়া উচিত। সরকারি কর্তৃপক্ষ কখনোই কোনো তদন্তের বিষয়টি গোপন রাখতে বা টাকা পাঠাতে বলে না। যদি কেউ এমন প্রতারণার মুখোমুখি হন, তবে দেরি না করে অবিলম্বে জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করুন অথবা প্রাতিষ্ঠানিক পোর্টালে (cybercrime.gov.in) অভিযোগ জানান। সামান্য সচেতনতা ও নিজস্ব যাচাইকরণই পারে এই বড় ধরনের আর্থিক ক্ষতি ও মানসিক হয়রানি থেকে আপনাকে সুরক্ষিত রাখতে।