বাংলার পর্যটন বিশ্বমঞ্চে, টেবিল টেনিসের হাত ধরে নতুন চমক!

বার্তা ডেস্কঃ

২০১৮ সাল থেকে ভারতীয় হকি দলের মূল স্পনসর হিসেবে পাশে দাঁড়িয়েছিল ওড়িশা সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সেই পথ অনুকরণ করেই এবার খেলাধুলার মাধ্যমে পর্যটনের প্রচারে নামছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পর্যটন দফতর সিদ্ধান্ত নিয়েছে, তারা বাংলা এবং ভারতের জাতীয় টেবল টেনিস দল দুটিকে স্পনসর করবে।

মঙ্গলবার রাজ্যের পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রাথমিক সিদ্ধান্তের পর এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তাব ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র কাছে পাঠানো হবে। ভারতীয় টেবল টেনিস সংস্থার নির্বাচন সংক্রান্ত কিছু প্রক্রিয়া বাকি থাকায় নতুন বোর্ড গঠনের পরেই সর্বভারতীয় স্তরে স্পনসরশিপের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। তবে রাজ্য দলের স্পনসরশিপ নিশ্চিত।

বর্তমানে পশ্চিমবঙ্গে একাধিক টেবল টেনিস সংস্থা থাকলেও মন্ত্রী স্পষ্ট করেছেন যে রাজ্যের পক্ষ থেকে একটিই স্বীকৃত দল অংশগ্রহণ করবে এবং পর্যটন দফতর কেবল সেই দলকেই স্পনসর করবে। খেলাধুলার মান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমবঙ্গকে নতুনভাবে তুলে ধরাই এই পর্যটন উদ্যোগের মূল উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *