কারাগার থেকে সরাসরি হাসপাতাল, ইমরান খানকে নিয়ে পাক সুপ্রিম কোর্টের বড় নির্দেশ!

বার্তা ডেস্কঃ

স্বাস্থ্যজনিত গুরুতর জটিলতার কারণে পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, ৭৩ বছর বয়সি ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে।

২০২৩ সাল থেকে একাধিক মামলায় আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর প্রতিষ্ঠাতাপ্রধান ইমরান খান। তাঁর অনুগামী ও দল অবশ্য শুরু থেকেই এই মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। সম্প্রতি তাঁর পরিবার ও আইনজীবীরা ইমরানের শারীরিক অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। আইনজীবীদের দাবি, উপযুক্ত চিকিৎসার অভাবে কারাগারে থাকা অবস্থাতেই ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।

গত সপ্তাহে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল কারাগারে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে। তাঁদের মেডিক্যাল রিপোর্টে জানানো হয়, ইমরান খান উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃৎস্পন্দন ও তীব্র উদ্বেগে ভুগছেন। চিকিৎসকদের সেই চাঞ্চল্যকর রিপোর্ট পর্যবেক্ষণের পরই শীর্ষ আদালত এই জরুরি নির্দেশ প্রদান করে।

দলের এক মুখপাত্র জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *