তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড! বুকিং বাতিল হতেই কি বিপদে আপনি?

বার্তা ডেস্কঃ

ভোররাতে তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ফায়ার অ্যালার্ম না থাকা এবং ফায়ার এক্সিটের গেটে তালা পড়ার মতো মারাত্মক গাফিলতির অভিযোগ ওঠার পরই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে তারাপীঠের আদর্শ লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউসসহ মোট ১৫টি হোটেল অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ‘বিদেশিনী’ হোটেলের মালিক ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তে রামপুরহাট এসডিপিউ-র নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

আসন্ন কৌশিকী অমাবস্যায় বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রামপুরহাটের এসডিও-র নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তারাপীঠের সমস্ত হোটেল, লজ এবং হোমস্টের বৈদ্যুতিক পরিকাঠামো ও অগ্নিনরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। আগামী ১৫ দিনের মধ্যে জেলাশাসকের কাছে এই সংক্রান্ত বিশদ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *