ঘরে ধূপের ধোঁয়ায় ডায়াবেটিসের ঝুঁকি, সাবধান করলেন বিশেষজ্ঞরা!
বার্তা ডেস্কঃ
সকাল-সন্ধ্যার পুজো বা ঘরে সুগন্ধ ছড়াতে ধূপ জ্বালানো অনেকেরই নিত্যদিনের অভ্যাস। তবে সম্প্রতি সমাজমাধ্যমে দাবি উঠছে যে, ধূপের ধোঁয়া শরীরে এমন পরিবর্তন ঘটায় যা ফুসফুসের ক্ষতির পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও বাড়াতে পারে। বিজ্ঞানের মতে, ধূপ সরাসরি ডায়াবেটিসের স্বীকৃত কারণ নয় এবং ধোঁয়ার কারণে তৎক্ষণাৎ রক্তে শর্করা বাড়ে না। তবে ধূপ জ্বালালে তৈরি হওয়া সূক্ষ্ম ধূলিকণা ও রাসায়নিক দীর্ঘমেয়াদে শরীরে প্রদাহ তৈরি করতে পারে। দীর্ঘদিনের বায়ুদূষণের ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স বা শর্করার ভারসাম্যহীনতা তৈরির একটি সম্ভাব্য সম্ভাবনা থাকে।
বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি থাকলেও বায়ুদূষণের ওপর হওয়া গবেষণার ফল সরাসরি ধূপের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মাঝে মধ্যে বা দিনে একটি ধূপ জ্বালালে ডায়াবেটিস হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। তবে এটি নির্ভর করে কতক্ষণ ধোঁয়ার সংস্পর্শে থাকছেন তার ওপর। বন্ধ ঘরে একসঙ্গে একাধিক ধূপ জ্বালানো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। ধূপ ব্যবহারে ভয় না পেয়ে ঘরের দরজা-জানালা খুলে পর্যাপ্ত বায়ু চলাচল বা ভেন্টিলেশন নিশ্চিত করা জরুরি, যাতে বাতাস স্বাস্থ্যকর থাকে।