কার্শিয়াংয়ের রাস্তায় দুর্লভ কালো চিতা, ভিডিও দেখে অবাক নেটদুনিয়া!

বার্তা ডেস্কঃ

মংপু থেকে পুবং যাওয়ার পাহাড়ি রাস্তায় একটি মা চিতাবাঘকে তার দুটি ছোট শাবকের সঙ্গে দেখা গিয়েছে। পর্যটকদের তোলা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক হইচই শুরু হয়েছে। তবে ঘটনার আসল আকর্ষণ ছিল দুটি শাবকের গায়ের রঙে। একটি স্বাভাবিক হলেও অন্যটি কুচকুচে কালো রঙের দুর্লভ ম্যালানিস্টিক লেপার্ড। বিশেষজ্ঞদের মতে, ম্যালানিজম নামক জিনগত পরিবর্তনের কারণে শরীরে মেলানিন বেড়ে গিয়ে ত্বকের রং এমন কালো হয়। পাহাড়ে কালো চিতার উপস্থিতি আগে জানা থাকলেও এভাবে শাবকসহ প্রকাশ্যে আসার ঘটনা অত্যন্ত বিরল।

দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের ডাওহিল, সান্দাকফু এবং মহানন্দা অভয়ারণ্যে আগে কালো চিতা দেখা গেলেও এই দৃশ্য বেশ ব্যতিক্রমী। বনদপ্তরের মতে, শান্ত পাহাড়ি জঙ্গল যে বন্যপ্রাণীর বংশবৃদ্ধির জন্য অনুকূল, এই ঘটনা তারই স্পষ্ট প্রমাণ। পাহাড়ি পরিবেশের এই ইতিবাচক সংকেতে উচ্ছ্বসিত বনদপ্তর স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শাবক থাকা অবস্থায় মা বাঘ অত্যন্ত আক্রমণাত্মক হতে পারে বলে জানিয়েছে তারা। অনভিপ্রেত ঘটনা এড়াতে বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *