মার্কিন নির্বাচনেও বাধ্যতামূলক ভোটার কার্ড, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করার দাবি তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভোটারদের জন্য বাধ্যতামূলক ফটো পরিচয়পত্রের পক্ষে সওয়াল করতে গিয়ে তিনি ভারতের নির্বাচনী ব্যবস্থা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টেনেছেন। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ভারতের সাধারণ নির্বাচনে কোটি কোটি ভোটার বৈধ সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে ভোটদান করেছেন। মার্কিন প্রশাসন ও হোয়াইট হাউসের সমর্থনে পেশ করা ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নামক এই বিলে ভোটার রেজিস্ট্রেশনে নাগরিকত্বের প্রমাণ এবং ফটো আইডি বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে, যা নিয়ে মার্কিন কংগ্রেসেও ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে তীব্র মতবিরোধ চলছে।
এদিকে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন তরজা। বিজেপি নেতারা এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে পথ দেখাচ্ছে। অন্যদিকে, কংগ্রেস শিবির এই বিষয়ে ভিন্ন মত পোষণ করে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন ফেরানোর দাবি তুলেছে। আন্তর্জাতিক এই রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটার পরিচয়পত্র এবং নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত এই নতুন মার্কিন বিলটি বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী সংস্কারের বিতর্ককে ফের উসকে দিয়েছে।