পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে অপ্রতিদ্বন্দ্বী ঘাসফুল শিবির!

বার্তা ডেস্কঃ

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের সাড়ে তিন মাস পর অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষিত ফলাফল। সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতির নানা সমীকরণ ও জল্পনার মাঝেই বার কাউন্সিলের এই ফল নতুন করে চর্চার খোরাক জুগিয়েছে।

তবে এই নির্বাচন বর্তমান রাজনৈতিক পরিবর্তনের পর হয়নি, বরং পটপরিবর্তনের আগেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বার কাউন্সিলের মোট ২৩টি আসনের মধ্যে একাই ১৫টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিরোধী শিবিরের মধ্যে বিজেপি ৩টি, বামপন্থীরা ৩টি এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ২টি আসনে জয়লাভ করেছেন। এর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত ৫টি আসনের ৪টিতেই জিতেছে তৃণমূল এবং বাকি ১টি আসনে জয়ী হয়েছেন কংগ্রেস সমর্থিত প্রার্থী।

উল্লেখযোগ্যভাবে, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া নির্দেশিকা মেনে আজ থেকে প্রায় ছয় মাস আগে এই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ২৩টি আসনের বিপরীতে মোট ৭৫ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ১৮টি সাধারণ এবং ৫টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। শীর্ষ আদালতের গঠিত বিশেষ কমিটি গণনা শেষ করার পর মঙ্গলবার এই ফল প্রকাশ করল।

তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান তথা বিধায়ক অশোক কুমার দেব এবং তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। বাম শিবিরের জয়ী অন্যতম পরিচিত মুখ হলেন আইনজীবী শামিম আহমেদ।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটগ্রহণের সময়ে রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, বর্তমানে তাতে বড়সড় পরিবর্তন এসেছে। ফলে বার কাউন্সিলে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও আগামী দিনে বোর্ডের ব্যাটন কার হাতে থাকবে এবং নতুন বোর্ড কীভাবে গঠিত হবে, তা নিয়ে আইনজীবী ও রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *