৩৮ হাজার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা! কার্ড পাবেন যেভাবে
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (MMSBY)। কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতার বাইরে থাকা রাজ্যবাসীদের জন্যই মূলত এই বিশেষ পদক্ষেপ। নতুন এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা মিলবে রাজ্য ও দেশজুড়ে। রাজ্যের ১,২৪০টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতালসহ সারা ভারতের প্রায় ৩৮,৬০০টি হাসপাতালে সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন উপভোক্তারা। এই যোজনার অধীনে পরিবারপিছু বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যাবে। হাঁটু ও হিপ প্রতিস্থাপনসহ প্রায় ১,৯৫০টি রোগের চিকিৎসার সুযোগ থাকছে এতে। পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হলে এবং অন্য কোনো সরকারি স্বাস্থ্যবিমার কভারেজে না থাকলে এই সুবিধার জন্য আবেদন করা যাবে।
এই প্রকল্পের অধীনে পরিবারের প্রতিটি সদস্যকে আলাদা বিনামূল্যে আধার-সংযুক্ত ডিজিটাল কার্ড প্রদান করা হবে। কার্ড পাওয়ার জন্য পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে হবে। রাজ্য স্বাস্থ্য দফতর ও স্টেট হেলথ এজেন্সির মাধ্যমে আধার যাচাইয়ের ভিত্তিতে এই কার্ড দেওয়া হবে। যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন ও সমীক্ষার কাজ চলছে। পাশাপাশি, রাজ্য সরকারের আসন্ন জনকল্যাণ শিবির থেকে এই ফর্ম পাওয়া যাবে। পরবর্তীতে অনলাইনের মাধ্যমেও আবেদন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে আধার কার্ড ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক।