কলকাতার
বার্তা ডেস্কঃ
কলকাতার প্রাণকেন্দ্রে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা হোটেলে মঙ্গলবার মধ্যরাতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত আরও ছয়জনকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গভীর রাতে হোটেল থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ও দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিতরে আটকে থাকা আবাসিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান, যেখানে চিকিৎসকরা নয়জনকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়েই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
এই ঘটনার পরই প্রশাসনিক ত্রুটি ও নিরাপত্তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং দমকলমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে ঘিঞ্জি এলাকায় ট্রেড লাইসেন্স ও অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। হোটেলের পিছনের জরুরি পথ বন্ধ রাখার অভিযোগও উঠেছে। ইতিমধ্যে পলাতক হোটেল মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে শহরের সমস্ত হোটেল খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।