সরকারি হাসপাতালে রক্তের কালোবাজারি, জালে চক্রের মূল কাণ্ডারী!

বার্তা ডেস্কঃ

সরকারি ব্লাড ব্যাংক থেকে বেআইনিভাবে রক্ত সংগ্রহ করে চড়া দামে বিক্রি করার অভিযোগে এক দালালকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃত ব্যক্তির নাম শাহাবুদ্দিন মল্লিক, যার বাড়ি উলুবেড়িয়া থানার কাশমলি এলাকায়। সোমবার পাঁশকুড়া সরকারি ব্লাড ব্যাংক এলাকা থেকে তাকে হাতেনাতে ধরে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের গোয়েন্দারা। উলুবেড়িয়া জুড়ে দীর্ঘদিন ধরে চলা রক্তের দালালচক্র ও কালোবাজারির অভিযোগে স্বাস্থ্যদপ্তর ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের কাছে অভিযোগ করেন জয়ন্তী ধাড়া ও সেখ সইফুল আলি নামের দুই স্থানীয় বাসিন্দা। সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ দৌলত খান এবং শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে এই অভিযান চালায়।

দীর্ঘদিন ধরে চলা এই সিন্ডিকেটরাজের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ ও রক্তদান আন্দোলনের কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দার মতে, দীর্ঘদিন ধরে দৌলত খানের নেতৃত্বে এই রক্তের কালোবাজারি চলছিল, যার ফলে চরম হয়রানির শিকার হতেন সাধারণ রোগীরা। এই গ্রেপ্তারি প্রসঙ্গে ‘রক্তকরবী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক শাশ্বত পাড়ুই জানান, প্রশাসনের এই কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। তিনি এই বেআইনি চক্রের সাথে যুক্ত প্রতিটি অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *