তারাপ
বার্তা ডেস্কঃ
ঠিক দুদিন আগে তারাপীঠের মর্মান্তিক ঘটনার রেশ কাটতেই এবার কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ঘটে গেল আরও এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার গভীর রাতে হঠাৎই আগুন লেগে যায় হোটেলের কয়েকটি ঘরে। সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বহু অতিথি। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় অনেকেই বেরিয়ে আসার সুযোগ পাননি। দমকলের চারটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এই দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে শিশু ও বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে সূত্রের খবর।
প্রাথমিক অনুমান, এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। উদ্ধার হওয়া অচৈতন্য ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই হোটেলের মালিকের খোঁজ মিলছে না এবং ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। শহরের হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও গুরুতর প্রশ্ন উঠেছে, যা এই মর্মান্তিক দুর্ঘটনার পর তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে।