ঢাকা-দিল্লি সম্পর্কের নতুন মোড়, তারেক-মোদী বৈঠক নিয়ে কেন এতো আলোচনা?
বার্তা ডেস্কঃ
অতীতের টানাপোড়েন ভুলে নয়, বরং নিঃশর্ত আস্থার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে। দুই দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও উন্নত ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সম্পর্ককে আরও মজবুত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য শীর্ষ বৈঠক নিয়ে বিশেষ আশাবাদ ব্যক্ত করেন ত্রিবেদী। তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রী মুখোমুখি বসলে অনেক অমীমাংসিত সমস্যার দ্রুত সমাধান সম্ভব। নরেন্দ্র মোদী নিজেও এই বৈঠকের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। এছাড়া ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু সরকার নয়, ব্যবসায়ী মহলকেও দুই দেশের সম্পর্কের অন্যতম সেতু হিসেবে কাজ করতে হবে।