নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, ক্ষোভে ফুঁসছেন অগ্নিমিত্রা!
বার্তা ডেস্কঃ
কলকাতার নিউ মার্কেটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। আগুন লাগার মূল কারণ এখনও অস্পষ্ট হলেও দমকলের প্রাথমিক অনুমান, দ্বিতীয় তলার এসি বা সুইচ বোর্ড থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে এবং ঘন ধোঁয়ায় দমবন্ধ হয়েই অধিকাংশ আবাসিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। আবাসিকদের একাংশের দাবি, হোটেলটিতে সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, এমনকি বিপদের সময় ফায়ার অ্যালার্মও বাজেনি। উদ্ধারকাজে দমকল কর্মীদের চরম বেগ পেতে হলেও বর্তমানে ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করছে। তবে ঘটনার পর থেকেই হোটেলের মালিক পলাতক রয়েছে, যাকে খুঁজতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর হোটেলটির বৈধতা ও নিরাপত্তা ছাড়পত্র নিয়ে সরাসরি সুর চড়িয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতা পুরসভা, বিদ্যুৎ ও ফায়ার ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া কীভাবে হোটেলটি চলছিল, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ট্রেড লাইসেন্সের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এ ছাড়া ব্যবসায়িক স্বার্থের উর্ধ্বে উঠে মানুষের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে জরুরি বেরোনোর পথ এবং ফায়ার অ্যালার্ম সংক্রান্ত গাফিলতি কঠোরভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে প্রশাসন।