অমিতাভ বচ্চন আসলে শ্রীবাস্তব! স্কুলের এক সিদ্ধান্তে যেভাবে বদলে গেল বিগ বির পদবী

বার্তা ডেস্কঃ

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আজ বিশ্বজুড়ে এই নামেই পরিচিত। কিন্তু খুব কম মানুষই জানেন, জন্মের সময় তাঁর অফিশিয়াল পদবী ‘বচ্চন’ ছিল না। এক জনপ্রিয় রিয়্যালিটি শো-তে বিগ বি নিজেই তাঁর নামের এই পরিবর্তনের পেছনের গল্পটি শেয়ার করেছিলেন।

অমিতাভ বচ্চনের বাবা, প্রখ্যাত হিন্দি কবি হরিবংশ রাই বচ্চন ছিলেন কঠোরভাবে জাতিভেদ প্রথার বিরোধী। অমিতাভকে যখন প্রয়াগরাজের ‘সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল’-এ ভর্তি করাতে নিয়ে যাওয়া হয়, তখন অ্যাডমিশন ফর্মে ‘জাতি’ বা ‘Caste’ লেখার একটি নির্দিষ্ট ঘর ছিল। সমাজ থেকে জাতপাতের ভেদাভেদ দূর করার তাগিদ থেকে তাঁর বাবা সেই ঘরে নিজের সাহিত্যিক ছদ্মনাম ‘বচ্চন’ শব্দটি লিখে দেন। স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় তাঁর ছেলের নাম হবে ‘অমিতাভ বচ্চন’।

প্রকৃতপক্ষে, অমিতাভ বচ্চনের আসল পারিবারিক পদবী ছিল ‘শ্রীবাস্তব’। স্কুলে ভর্তির দিন থেকেই ‘শ্রীবাস্তব’ পদবীটি চিরতরে বদলে যায় এবং জন্ম নেয় এক নতুন ইতিহাস।

হরিবংশ রাই বচ্চন ছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, যার কালজয়ী সৃষ্টি ‘মধুশালা’ আজও সমান জনপ্রিয়। বাবার লেখা এই বিখ্যাত কবিতার নানা পংক্তি প্রায়শই অমিতাভ বচ্চনের গম্ভীর ও আইকনিক কণ্ঠে বিভিন্ন মঞ্চে ধ্বনিত হতে শোনা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *