নিউ মার্কেটের গেস্ট হাউসে ভয়াবহ আগুন, শিশুসহ মৃত ৯!

বার্তা ডেস্কঃ

কলকাতা নিউ মার্কেট এলাকার একটি হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ মোট নয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন মহিলা ও একটি শিশু রয়েছে; এর মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও থাকতে পারেন বলে খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ ও দমকলের দ্রুত তৎপরতায় প্রায় ৮০ জন আবাসিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, একটি মাত্র তিন-চার তলার ভবনে বেআইনিভাবে প্রায় ১০টি গেস্ট হাউস চালানো হচ্ছিল, যেখানে জরুরি এক্সিটের পথ আটকে অবৈধ নির্মাণ করা হয়েছিল। একটিমাত্র এসি-র অনুমতি নিয়ে ১০টি এসি চালানোর বিষয়ে বিদ্যুৎ সংস্থা সিইএসসি (CESC) ও লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিগত সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী স্পষ্ট জানান, দীর্ঘদিন ধরে এসব ভবনের কোনো নিরাপত্তা অডিট হয়নি।

এই ঘটনার পর কেএমসি, দমকল, পুলিশ ও পিডব্লিউডি-র প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এলাকায় ইতিমধ্যে ২৭টি বেআইনি ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। রাজ্যজুড়ে পরিচালিত সমস্ত অবৈধ হোটেল ও গেস্ট হাউস অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়ে প্রশাসন থেকে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *