কলকাতার বুকে মৃত্যুর মিছিল, মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের দায় কার?
বার্তা ডেস্কঃ
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে অবস্থিত ‘শিখাহীন’ হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতের এই দুর্ঘটনায় প্রাথমিক ভাবে এসি-র শর্ট সার্কিটকে দায়ী করা হলেও, ভবনের ত্রুটিপূর্ণ কাঠামো পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে। মাত্র পাঁচ ফুটের সরু প্রবেশপথ, একাধিক হোটেলের উপস্থিতি, ফায়ার এক্সিটের অভাব এবং কলাপসিবল গেটের কারণে ঘুমন্ত অতিথিরা ঘরের মধ্যেই অবরুদ্ধ হয়ে পড়েন। দমকল ও উদ্ধারকারী দলের প্রবেশেও বড় বাধা হয়ে দাঁড়ায় এই ঘিঞ্জি পরিবেশ।
এই ঘটনার পরই প্রশাসনিক নজরদারি এবং অগ্নিনিরাপত্তা নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী ভবনটির ট্রেড লাইসেন্স ও সিইএসসির অনুমতি নিয়ে জোরালো প্রশ্ন তুলেছেন। শহরের হাজার হাজার অবৈধ ও ঘিঞ্জি হোটেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বে নির্ধারিত থার্ড পার্টি অডিট থমকে যাওয়ার পেছনে কার গাফিলতি ছিল, এখন সেই উত্তর খুঁজছে ক্ষুব্ধ জনতা।