এমবিসি বৈঠক বন্ধ, আটকে আড়াইশো বিল্ডিংয়ের অনুমোদন! চরম আর্থিক ক্ষতির মুখে পুরসভা
বার্তা ডেস্কঃ
শহরে বড়ো নির্মাণের ক্ষেত্রে মিউনিপ্যাল বিল্ডিং কমিটির (এমবিসি) বৈঠক দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বড়ো ধরনের প্রশাসনিক ও আর্থিক সংকট তৈরি হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, বিভিন্ন জটিলতার অজুহাতে বৈঠক না হওয়ায় বর্তমানে ২৫০টির বেশি বড়ো প্রকল্পের ফাইল আটকে রয়েছে। ফলে কমার্শিয়াল ও আবাসন নির্মাণের নকশা অনুমোদন দেওয়া যাচ্ছে না, যার জেরে পুরসভার প্রায় ৩০ কোটি টাকার রাজস্ব আটকে রয়েছে। স্থপতি ও ডেভেলপারদের ক্রমাগত চাপের মুখেও পুর কমিশনারের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে সম্প্রতি পুর ও নগরোন্নয়ন দপ্তরের বৈঠকে বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। দপ্তরের শীর্ষ আধিকারিক ও মন্ত্রী পুর কমিশনারকে দ্রুত এমবিসি বৈঠক করার নির্দেশ দিলেও এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো নির্দেশিকা জারি হয়নি। পুরসভার দাবি, কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বৈঠক করা যাচ্ছে না। তবে প্রশাসনিক এই ধীরগতির ফলে একদিকে যেমন নির্মাণকারী সংস্থাগুলি বিপাকে পড়েছে, তেমনই পুরসভার রাজস্ব ক্ষতিও ক্রমাগত বাড়ছে।