কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যরাতে হোটেলে প্রাণ গেল ৯ জনের!
বার্তা ডেস্কঃ
তারাপীঠের মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে মাঝরাতে বিধ্বংসী আগুন লাগে। মঙ্গলবার রাত ২টোর কিছু আগে তিনতলা বিশিষ্ট ওই হোটেলের ঘরে হঠাৎই অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে গোটা ভবন মুহূর্তেই বিষাক্ত কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছায়। গলি অত্যন্ত সরু ও হোটেলের যাতায়াতের পথ সংকীর্ণ হওয়ার কারণে প্রাথমিক উদ্ধারকাজে মারাত্মক বাধার সৃষ্টি হয়। এসি বা শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হলেও আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।
এই হৃদয়বিদারক ঘটনায় মোট ৯ জন মারা গিয়েছেন, যাঁদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন মহিলা এবং একটি শিশু রয়েছে। মৃতদের তালিকায় চিকিৎসার কাজে আসা বাংলাদেশি নাগরিকরাও রয়েছেন বলে জানা গেছে। এছাড়া আরও ৬ জন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, মূলত ধোঁয়ায় দমবন্ধ হওয়ার কারণেই বেশিরভাগ আবাসিক ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে আটক করেছে, তবে মালিক বর্তমানে পলাতক। মাত্র দু’দিন আগেই তারাপীঠের হোটেলে আগুনের পর এবার তিলোত্তমার বুকে এমন ভয়াবহ ঘটনা হোটেলগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বেরোনোর পথ এবং সার্বিক নিরাপত্তা নিয়ে পুনরায় বড়সড় প্রশ্ন তুলে দিল।