ফোর্ট উইলিয়াম থেকে গার্ডেনরিচ, আইএসআইয়ের কী ছক? সানির বিস্ফোরক দাবিতে চাঞ্চল্য!

বার্তা ডেস্কঃ

উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের একের পর এক এজেন্টের গ্রেপ্তারিতে ঘনীভূত হচ্ছে রহস্য। সম্প্রতি হাবড়া থেকে ধৃত পাক নাগরিক রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে জেরা করে এসটিএফের হাতে আসে বিস্ফোরক তথ্য। সেই সূত্র ধরেই হুগলির রিষড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তার ঘনিষ্ঠ সহযোগী জাফর শামস ওরফে সানিকে। তদন্তকারীদের মতে, রানার তৈরি করা স্লিপার সেল নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই সানি। মূল চক্রান্তের জট খুলতে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আধিকারিকরা এখন ধৃতদের মুখোমুখি বসিয়ে দফায় দফায় জেরা চালাচ্ছেন।

তদন্তে সামনে এসেছে অত্যন্ত আশঙ্কাজনক তথ্য। ধৃতরা যৌথভাবে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়াম, বিএসএফের গতিবিধি, রেলওয়ে পরিকাঠামো এবং গার্ডেনরিচের মতো স্পর্শকাতর এলাকার কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। এমনকি উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ সংক্রান্ত কোনো গোপন তথ্য আন্তর্জাতিক সীমানা পেরিয়ে আইএসআইয়ের হাতে পৌঁছেছে কি না, তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ পালানোর ঠিক আগেই রানাকে পাকড়াও করা সম্ভব হলেও, এই চক্রের মাধ্যমে ইতিমধ্যে দেশের গোপন প্রতিরক্ষা তথ্য বাইরে পাচার করা হয়েছে কি না তা গভীর তদন্ত করে দেখছেন এসটিএফের গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *