E20 পেট্রলে গাড়ির ক্ষতি, গ্রাহকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত মোদি সরকারের!
বার্তা ডেস্কঃ
দেশজুড়ে ইথানল মিশ্রিত E20 পেট্রল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়ে চরম বিতর্কের মুখে বড় নীতিগত পরিবর্তনের কথা ভাবছে কেন্দ্র। মূলত মাইলেজ হ্রাস এবং পুরনো গাড়ির ইঞ্জিনের ক্ষতির অভিযোগে জেরবার গ্রাহকদের স্বস্তি দিতেই এবার পদক্ষেপ করতে চলেছে মোদি সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ ও আকাশ পূজারি পুরনো বিএস-৪ (BS-IV) মডেলের গাড়ির সুরক্ষায় ই-১০ পেট্রল ফিরিয়ে আনার সুপারিশ করেন। তাঁদের মতে, দেশে প্রায় সাড়ে ৭ থেকে ৮ কোটি পুরনো দুই চাকার যানবাহন রয়েছে, যা দীর্ঘসময় বেশি ইথানলযুক্ত জ্বালানির সংস্পর্শে এলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই উদ্বেগের পর সরকারি শীর্ষস্তরে আলোচনার সাপেক্ষে জানা গেছে, এবার দেশজুড়ে কেবল E20 চাপিয়ে না দিয়ে গ্রাহকদের সুবিধার জন্য E10 এবং E20 দুই প্রকার পেট্রল কেনারই বিকল্প রাখা হতে পারে। জ্বালানি নীতিতে নমনীয়তা এনে সব পাম্পেই দুটি বিকল্প রাখার পরিকল্পনায় সিলমোহর পড়তে পারে। পেট্রোলিয়াম মন্ত্রকও স্বীকার করেছে যে E20 পেট্রলে গাড়ির মাইলেজ ৩ থেকে ৫ শতাংশ কমতে পারে এবং এতে দামেও বিশেষ ছাড় পাওয়া সম্ভব নয়। আমজনতার বিরূপ প্রতিক্রিয়া এড়াতে এবং পুরনো ও নতুন উভয় প্রকার যানবাহনের সুরক্ষায় এই দ্বিমুখী নীতি চালুর বিষয়ে নীতি নির্ধারণের কাজ জোরকদমে এগোচ্ছে।