সোশ্যাল মিডিয়ার রিপোর্টে চমক, ভাইরাল ভিডিও মুছেও শীর্ষে মোদী!
বার্তা ডেস্কঃ
সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীদের গত সাড়ে তিন মাসের পারফরম্যান্স খতিয়ে দেখে সম্প্রতি একটি বিশেষ ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করা হয়েছে। ১ মে থেকে ১৫ আগস্ট পর্যন্ত সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও তৃণমূল স্তরের নেতাদের এক্স, ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাক্টিভিটি গভীরভাবে পর্যালোচনা করা হয়। প্রতিদিনের পোস্ট সংখ্যা, এনগেজমেন্টের হার, গড়ে লাইক এবং নতুন ফলোয়ার বৃদ্ধির হিসাব কষে তৈরি এই মূল্যায়নে সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেন জি বা তরুণ প্রজন্মকে আকর্ষণ করতে সোশ্যাল মিডিয়ার এই প্রভাবকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে শাসকদল।
এই মূল্যায়নের সময়কালে নিট প্রশ্নফাঁস বিতর্ক চলাকালীন মাঝরাতে যুবসমাজকে ‘ফ্রেন্ডস’ সম্বোধন করে পোস্ট করা মোদির একটি বিশেষ ভিডিও তীব্র সাড়া ফেলে। মাত্র ১২ ঘণ্টায় ইনস্টাগ্রামে ২৭১ মিলিয়নের বেশি ভিউ হওয়া সেই ভিডিওর সৌজন্যে প্রধানমন্ত্রীর অনুরাগী সংখ্যা ১০২ মিলিয়নে পৌঁছায়। তবে মেটা রহস্যজনকভাবে অত্যন্ত জনপ্রিয় ভিডিওটি মুছে দিলে প্রবল বিতর্ক তৈরি হয় এবং কেন্দ্র কড়া বার্তা দেয়। অন্য কোনো মন্ত্রীর প্রাপ্ত নম্বর প্রকাশ্যে না এলেও, প্রধানমন্ত্রী নিজে সব মন্ত্রীকে বিশেষ করে ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে নির্দেশ দিয়েছেন।