অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কবে?
বার্তা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা বিতরণ প্রক্রিয়া শুরু হলেও বহু আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও অর্থ জমা পড়েনি। এ নিয়ে চিন্তিত গ্রাহকদের আশ্বস্ত করে রাজ্য সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর জানিয়েছে, আগামী ২০ অগস্ট পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া চলবে। নথিপত্রে সমস্যা না থাকলে কারও আবেদন বাতিল করা হবে না। বর্তমানে ভেরিফিকেশনের কাজ চলায় ‘সোশ্যাল রেজিস্ট্রি’ পোর্টাল বন্ধ রয়েছে, যা আগামী ১৯ অগস্ট পুনরায় খুলে দেওয়া হবে। এই পোর্টালেই প্রকাশিত হবে নাম বাদ পড়ার কারণসহ বিস্তারিত তালিকা।
যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আবেদনপত্র বাতিল হয়েছে, তাঁরা ২০ অগস্টের পর ‘সোশ্যাল রেজিস্ট্রি’ পোর্টালে ঢুকে কারণ দেখতে পাবেন। মূলত আয়কর প্রদানকারী, ১০ হাজার টাকার বেশি মাসিক আয় থাকা ব্যক্তি অথবা সরেজমিনে যাচাইয়ের সময় অনুপস্থিত থাকা আবেদনকারীদের নাম বাতিল করা হয়েছে। পোর্টাল চালু হলে ভুল তথ্য সংশোধন করে নতুন করে ক্লেইম ও অবজেকশন জানানো যাবে। নথিপত্র পুনরায় সঠিকভাবে যাচাই হলে গ্রাহকরা ফের প্রকল্পের টাকা পাওয়ার সুযোগ পাবেন।