মুর্শিদাবাদে পদ্ম-ঝড়, তৃণমূলের দুর্গ ভেঙে পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে!

বার্তা ডেস্কঃ

ঐতিহাসিকভাবে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদের মুসলিম বেল্টে এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন ঘটল। জেলার সুতি-১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি এবার নিজেদের দখলে নিল বিজেপি। বুধবার (২০ আগস্ট) সভাপতি নির্বাচনে বিজেপির প্রার্থী বুল্টি ঘোষ মোট ১০ জন সদস্যের সমর্থন পেয়ে সভাপতি হিসেবে জয়লাভ করেছেন।

১৮টি আসন বিশিষ্ট সুতি-১ পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ছিল একেবারেই তৃণমূলের অনুকূলে। তৃণমূলের কাছে ছিল ১২টি আসন, কংগ্রেসের ৩টি এবং বিজেপির মাত্র ৩টি আসন। স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের হাজরা সুলতানা সভাপতি পদে বসেছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে নাটকীয়ভাবে পরিবর্তন ঘটে স্থানীয় রাজনৈতিক অঙ্কে। তৃণমূলের ৪ জন এবং কংগ্রেসের ৩ জন—মোট ৭ জন সদস্য পদত্যাগ করে নির্দল হিসেবে আত্মপ্রকাশ করেন। গত ৬ আগস্ট এই নির্দল সদস্যদের সহায়তায় তৎকালীন সভাপতি হাজরা সুলতানা অনাস্থা ভোটে অপসারিত হন।

বুধবারের সভাপতি নির্বাচনে বিজেপির সাবেক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষের স্ত্রী বুল্টি ঘোষকে সমর্থন জানান বিজেপির ৩ জন এবং ওই ৭ জন নির্দল সদস্য। ফলে প্রয়োজনীয় ১০ জন সদস্যের সমর্থন নিয়ে পঞ্চায়েত সমিতির চেয়ার দখল করে বিজেপি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বহুকাল ধরে কংগ্রেস ও তৃণমূলের দখলে থাকা মুর্শিদাবাদে মাত্র ৩টি প্রাথমিক আসন নিয়ে বিজেপির এই বোর্ড গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। একদিকে যেমন তৃণমূলের অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ পেয়েছে, অন্যদিকে মুর্শিদাবাদের মতো জেলায় কংগ্রেসের শক্তি ক্ষয় এবং বিজেপির রাজনৈতিক বিস্তার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *