মেদিনীপুর ও হুগলিতে ভয়াবহ বন্যা, পরিস্থিতির মোকাবিলায় দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী!
বার্তা ডেস্কঃ
টানা ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক রূপ নিয়েছে। বিশেষ করে সবং, নারায়ণগড়, মোহনপুর, দাঁতন ও কেশিয়াড়ির অবস্থা গুরুতর, যেখানে সবংয়ের ১৩টি গ্রাম পঞ্চায়েতই সুবর্ণরেখা ও কেলেঘাই নদীর জলে জলমগ্ন হয়ে পড়েছে। ইতোমধ্যেই জলযন্ত্রনায় এই অঞ্চলে এক শিশুসহ দুজনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া পূর্ব মেদিনীপুরের হলদিয়া, নন্দীগ্রাম, ময়না, পটাশপুর সহ একাধিক জেলায় ছ’শয়েরও বেশি গ্রাম প্লাবিত হওয়ায় স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। হুগলির আরামবাগের বিভিন্ন এলাকাতেও জল জমে পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠেছে।
উদ্ভূত পরিস্থিতি সরাসরি পর্যালোচনা করতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আজ বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি সরজমিনে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবেন এবং উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করবেন। রাজ্যজুড়ে ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে; ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে ৭১টি ত্রাণশিবির খোলা হয়েছে এবং ত্রিপল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। দুর্গতদের নিরাপদে সরিয়ে আনতে ও উদ্ধারকার্য চালাতে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং প্রায় চারশো সিভিল ডিফেন্স কর্মী। বিপৎসীমার ওপর দিয়ে নদীপ্রবাহ চলায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।