উৎসবের আগে দামের রেকর্ড! ১০ বছর পর চিনির আমদানিতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের?
বার্তা ডেস্কঃ
ভারতে আখের উৎপাদন পর্যাপ্ত হওয়া সত্ত্বেও দেশজুড়ে হুহু করে বাড়ছে চিনির দাম। উৎসবের মরসুমের মুখে পাঞ্জাবে কেজিপ্রতি দাম পৌঁছেছে ৬৫ টাকায় এবং মহারাষ্ট্রের পাইকারি বাজারে এক মাসের মধ্যে দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘ এক দশক পর বিদেশ থেকে চিনি আমদানির কথা গুরুত্ব দিয়ে ভাবছে কেন্দ্র। পাশাপাশি জোগান স্বাভাবিক রাখতে ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের জন্য ১৫ দিনের নতুন মজুতসীমা নির্ধারণ করে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত সংকটের মূলে রয়েছে কেন্দ্রের ইথানল নীতি। জ্বালানি তেলের আমদানি কমাতে আখের একটি বড় অংশ ইথানল উৎপাদনে ব্যবহৃত হওয়ায় চিনি তৈরিতে সংকট দেখা দিয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশে আখের ফলন ও চিনি নিষ্কাশনের হার কমায় আগামী মরসুমে দেশের মজুত অভাবনীয়ভাবে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে চালানের ওপর থাকা ১০০ শতাংশ আমদানি শুল্ক ছাড়ের পাশাপাশি খাদ্য ও জ্বালানির ভারসাম্য রক্ষায় ইথানল উৎপাদনের পরিমাণ কিছুটা কমিয়ে চিনি উৎপাদন বাড়ানোর বিষয়ে চূড়ান্ত চিন্তাভাবনা চালাচ্ছে কেন্দ্র।