মেঘভাঙা বৃষ্টিতে তছনছ রাজৌরি, চোখের পলকে ভেসে গেল বসতি!
বার্তা ডেস্কঃ 
১৯ জুলাই জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় এক ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। থানামান্ডি সাবডিভিশনের রাজধানী পঞ্চায়েতে আচমকা নেমে আসা এই দুর্যোগ পুরো এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সাম্প্রতিক অতীতে ওই অঞ্চলে এমন মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়নি।
স্থানীয় সূত্রের খবর, রাজধানী এলাকায় একযোগে প্রায় ১৪টি স্থানে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। এর ফলে পাহাড় থেকে তীব্র গতিতে নেমে আসা জলের তোড়ে ভেসে যায় এলাকার প্রধান বাসস্ট্যান্ডটি। খড়কুটোর মতো জলের স্রোতে তলিয়ে যায় একাধিক যানবাহন, ভেঙে গুঁড়িয়ে যায় বহু কাঁচা-পাকা ঘরবাড়ি। রাস্তাঘাট ধ্বসে গিয়ে এবং বহু জায়গায় ধস নেমে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলমগ্ন হয়ে গেছে সমস্ত চাষের জমিও।
স্থানীয় বাসিন্দা আব্দুল গনি জানিয়েছেন, ১৯ জুলাই রাত তিনটে থেকে পৌনে চারটের মধ্যে নদীর জলস্তর আচমকা আশঙ্কাজনকভাবে বেড়ে যায় এবং তাঁদের গোটা বাড়িটি ভাসিয়ে নিয়ে যায়। জীবন বাঁচাতে পরিবারসহ তাঁরা বর্তমানে একটি স্থানীয় সরকারি স্কুলে আশ্রয় নিয়েছেন। এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে, এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।