১ লাখ টাকায় বিক্রি শিশু! আসানসোলে পর্দাফাঁস চাঞ্চল্যকর পাচার চক্রের

বার্তা ডেস্কঃ

এক ই-মেইল অভিযোগের সূত্র ধরে আসানসোলে এক ভয়াবহ শিশু কেনাবেচা চক্রের সন্ধান পেল পুলিশ। আসানসোল উত্তর থানার পুলিশ ধাদকা এলাকার বাসিন্দা বিনোদ কুমার গুপ্ত ও তাঁর স্ত্রী ববিতা গুপ্তর বাড়ি থেকে মাত্র ২ মাস ১৩ দিন বয়সি এক শিশুপুত্রকে উদ্ধার করেছে। দম্পতি শিশুটিকে নিজেদের সন্তান দাবি করলেও কঠোর জিজ্ঞাসাবাদের মুখে স্বীকার করেন যে সিউরির ‘নির্মলা দেবী’ নামের একটি বেসরকারি নার্সিং হোম থেকে ১ লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে তাকে কেনা হয়েছিল। আইনসম্মত দত্তক প্রথাকে বুড়ো আঙুল দেখিয়ে ভুয়া নথিপত্র তৈরির অভিযোগে ওই দম্পতি ও এক মধ্যস্থতকারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই চক্রের শিকড় কতদূর তা বের করতে ইতিমধ্যেই তদন্তকারী দল সংশ্লিষ্ট নার্সিং হোমে পৌঁছেছে। অবৈধ আর্থিক লেনদেন, শিশুটির প্রকৃত বাবা-মায়ের পরিচয় ও পাচারকারীদের ভূমিকা খতিয়ে দেখতে ভারতীয় ন্যায় সংহিতা এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে উদ্ধার হওয়া শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় যত্নের জন্য তাকে পশ্চিম বর্ধমানের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পেছনে বড় কোনো চক্র জড়িত আছে কি না, তা নিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *