ঘাস কাটতে গিয়েই চরম বিপদ, সীমান্ত এলাকায় মহিলাকে ধর্ষণ করে খুন!
বার্তা ডেস্কঃ
বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হলেন মালদহের হরিশচন্দ্রপুরের দুই মহিলা। অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের পথ আটকে এক মহিলাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে অপর মহিলাকে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এরপর আক্রান্তকে কাশবনের নির্জন স্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর গলার নলি কেটে নৃশংসভাবে হত্যা করে অভিযুক্ত দুষ্কৃতী।
এই রোমহর্ষক ঘটনার পর রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় অপর মহিলা কোনওমতে গ্রামে ফিরে এসে গ্রামবাসীদের বিষয়টি জানান। স্থানীয়দের খবরে হরিশ্চন্দ্রপুর ও আমেদাবাদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আহত মহিলার চিকিৎসা চলছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। দুই রাজ্যের পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনার সাথে জড়িত পলাতক অভিযুক্তের সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।