২৭ বার কোপ! একটি রহস্যময় শব্দেই ধরা পড়ল খুনি ছাত্ররা
বার্তা ডেস্কঃ
তেলঙ্গানার নলগোন্ডায় নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন এক বেসরকারি স্কুলের প্রধানশিক্ষিকা কল্লু রুপা রেড্ডি। এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তাঁর স্বামী হায়দরাবাদ থেকে ফোন করে সাড়া না পেয়ে পড়শীদের খোঁজ নিতে পাঠান। রক্তে ভেসে যাওয়া দেহ উদ্ধারের পর তদন্তে নেমে পুলিশ মৃতের মোবাইলের একটি অডিও রেকর্ডিংয়ে ‘বাবু’ শব্দটি শুনতে পায়। এই একটি মাত্র সূত্র ধরে এগোতেই কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসে। স্কুলের পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ঘটনা পর থেকে অনুপস্থিত থাকা পাঁচ ছাত্রের মধ্যে দুজন আচমকাই বিপুল টাকা খরচ করে বন্ধুদের নিয়ে পার্টি করছে। এতেই বাড়ে সন্দেহ এবং শেষমেশ দুই ছাত্রকে আটক করতেই ফাঁস হয় পুরো চক্রান্তের কাহিনী।
জিজ্ঞাসাবাদে ধৃত দুই ছাত্র স্বীকার করে যে স্কুলে ব্যাগ থেকে মোবাইল ও টাকা উদ্ধারের কারণে প্রধানশিক্ষিকা অভিভাবকদের খবর দেওয়ায় তারা আক্রোশগ্রস্ত ছিল। পুরো পরিকল্পনা করে এবং পাঁচ দিন ধরে রেকি চালিয়ে তারা শিক্ষিকার বাড়িতে ঢোকে। উদ্দেশ্য ছিল চুরি করা, কিন্তু চুরির সময় মুখের ঢাকা খুলে যাওয়ায় চিনে ফেলার ভয়ে শিক্ষিকাকে ২৭ বার কোপানো হয়। ঘর থেকে আড়াই লক্ষ টাকা লুট করে তারা গোয়ায় ঘুরতে চলে যায়। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা, একটি দামি ফোন এবং শিক্ষিকার চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার করেছে। মর্মান্তিক এই অপরাধে চরম চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।