১০ লক্ষের ঘুষ নিয়ে হাতেনাতে ধৃত! মন্ত্রকের আধিকারিকের কীর্তিতে তোলপাড়
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অভ্যন্তরীণ আর্থিক উপদেষ্টা তথা ডেপুটি কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস পদে কর্মরত ২০২০ ব্যাচের আইসিএএস আধিকারিক সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, এক বেসরকারি সংস্থার আটকে থাকা চুক্তির মেয়াদ দ্রুত বাড়ানোর বিনিময়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন ওই আধিকারিক। পরবর্তীতে দর কষাকষির মাধ্যমে ঘুষের অঙ্ক ১০ লক্ষ টাকায় নির্ধারিত হয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ব্যবসায়ী সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তকারী আধিকারিকেরা অভিযোগটি খতিয়ে দেখে এই দুর্নীতি রুখতে বিশেষ ফাঁদ তৈরি করেন।
গত মঙ্গলবার সিবিআইয়ের পূর্বপরিকল্পিত ছক অনুযায়ী ব্যবসায়ী যখন ঘুষের টাকা দিতে যান, তখন অভিযুক্ত আধিকারিক নিজে সরাসরি টাকা না নিয়ে তাঁর স্ত্রীর মাধ্যমে তা গ্রহণ করেন। তবে গোপন নজরদারিতে থাকা সিবিআই আধিকারিকেরা হাতবদল হওয়া মাত্রই ঘুষের ১০ লক্ষ টাকাসহ সন্দীপ ও তাঁর স্ত্রীকে হাতেনাতে গ্রেফতার করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ফাঁদ পেতে এই বিপুল অর্থ উদ্ধারের পাশাপাশি মূল অভিযুক্তকে ধরা সম্ভব হয়েছে। ঘুষের বিনিময়ে অনৈতিক সুবিধা নেওয়ার এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রকের দুর্নীতিবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।